আইডিএফের স্বীকারোক্তি

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ৫০০ স্থানে হামলা নিহত ৫ সেনা

Printed Edition

আনাদোলু

ইসরাইলি সেনাবাহিনী গতকাল মঙ্গলবার স্বীকার করেছে যে, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তারা লেবাননের প্রায় ৫০০টি এলাকায় হামলা চালিয়েছে। একই সময়ে হিজবুল্লাহর পাল্টা হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত রেডিওর বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে কঠোর সেন্সরশিপ বা সংবাদ প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে এবং দু’জন পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে ৩১ জন বিভিন্ন বিস্ফোরণে এবং দু’জন হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সরাসরি সংঘর্ষে আহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর ড্রোন ইসরাইলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে একটি ‘প্রধান হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। রেডিওর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালীন ইসরাইলি যুদ্ধবিমানগুলো প্রায় ৫০০টি স্থানে হামলা চালিয়েছে।

গত ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানো হলেও ইসরাইলি বাহিনী লেবাননে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে।