কুয়াশায় ঢাকার রানওয়ে দেখতে না পেয়ে ফিরেগেছে ৮ ফ্লাইট
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাত বাড়ার সাথে সাথে ঢাকাসহ দেশে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। এতে উড়োজাহাজ চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। থাইল্যান্ড, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় নামার চেষ্টা করলেও শুধু ঘন কুয়াশার কারণে অবতরণে হিমশিম খাচ্ছেন পাইলটরা। পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা মোতাবেক ওই ফ্লাইটগুলো ঢাকার বাইরে এবং পার্শ্ববর্তী দেশে অবতরণ করানো হচ্ছে।
শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরও আটটি এয়ারক্রাফট অবতরণ করতে পারেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংকক, তুরস্ক, দুবাইসহ কয়েকটি দেশ থেকে ছেড়ে আসা ফ্লাইটগুলো একে একে ঢাকার আকাশে (রানওয়ের আশপাশে) এসে চক্কর দিতে থাকে। কিন্তু রানওয়ের কিছুই দেখতে না পেরে পাইলটরা ফ্লাইট অবতরণে ঘন কুয়াশা উল্লেখ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের দায়িত্বশীলদের কাছে বার্তা পাঠান। কয়েক দফা চেষ্টার পরও অবতরণ করতে না পারায় শেষমেষ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফ্লাইট ঘুরিয়ে অন্য দেশে নিয়ে অবতরণ করান।
গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি নির্ধারিত ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রামে, কলকাতায় এবং একটি ফ্লাইট ব্যাংকে পাঠানো হয়। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুসারে খাবার ও হোটেল সুবিধা দিয়েছে।