সমন্বয় সভার তথ্য
ঝুলে আছে সোয়া লাখের বেশি এনআইডি আবেদন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
নিষ্পত্তি না হওয়ায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপুলসংখ্যক সংশোধন আবেদন জমা হয়ে আছে ইসির সংশ্লিষ্ট বিভাগে। সোয়া লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) ঝুলে আছে। এই আবেদনগুলো অতি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গতকাল নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
হ্নইসির এনআইডি অনুবিভাগ থেকে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত ইসির সার্ভারে প্রায় এক লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে। এ আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি কিভাবে করা যায় তা নিয়ে মূলত এই সমন্বয় সভা। এছাড়া সচিবালয়ের নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, আমি যোগদানের পর থেকে সব কর্মকর্তার সহযোগিতায় এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি। তিনি বলেন, সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো। যা এ কয়েক মাসে বৃদ্ধি পেয়ে এক লাখ ৩০ হাজার হয়েছে। অতি দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে। এখন থেকে কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না বলেও জানান তিনি।