জনপ্রত্যাশা পূরণে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রয়োজন : স্পিকার
Printed Edition
সংসদ প্রতিবেদক
জাতীয় বাজেট, রাজস্ব আহরণ ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্ব তুলে ধরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। তিনি বলেন, বর্তমানে রাজস্ব আহরণ বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনার দক্ষতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।
গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর অধীনে আয়োজিত বাজেটবিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম মণি এমপি। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকার বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে সংসদ সদস্যদের সহায়তা করতে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট ও গভীর ধারণা অর্জনের জন্য সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারেন। তিনি বলেন, বাজেট বিষয়ে সংসদ সদস্যদের আগ্রহ বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ জাতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি আরো বলেন, জনগণ এই সংসদের কার্যক্রম গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রার রূপরেখা নির্ধারণে বর্তমান সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত এ ধরনের কর্মসূচি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করছে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বাজেট ডিব্রিফিং সেশনের উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা সবসময়ই বেশি ছিল। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বর্তমান সংসদ একটি ব্যতিক্রমী সংসদ হিসেবে বিবেচিত হচ্ছে এবং দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মানুষ এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। তথ্যনির্ভর ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় বাজেট ডিব্রিফিং সেশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চিফ হুইপ মো: নূরুল ইসলাম মণি এমপি বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ও সুশৃঙ্খল ব্যবহারের লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি যুগোপযোগী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে। তিনি দাবি করেন, স্বাধীনতার পর এত ভালো বাজেট আর কখনো উপস্থাপিত হয়নি।
তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে কার্যকর সহায়তা দিচ্ছে। অতীতে বাজেট-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সংসদ সদস্যদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো। ইউরোপীয় ইউনিয়নের এ উদ্যোগের ফলে এখন সহজেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে এবং বাজেটকে গভীরভাবে বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, হুইপবৃন্দ, আমন্ত্রিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যরা জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা: মো: মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের কাছে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাজেট অধিবেশন শেষে সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।