কালেঙ্গা বনাঞ্চলে অবৈধ কাঠ পাচারকালে আটক ২

Printed Edition

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা রেমা-কালেঙ্গা বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে কাটা বিপুল পরিমাণ জ্বালানি কাঠ পাচারকালে শায়েস্তাগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ গোলচক্কর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল সিলেট বন বিভাগের অধীন হবিগঞ্জের বিশেষ টহল বাহিনীর সাথে যৌথভাবে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ।

অভিযানকালে ট্রাকভর্তি প্রায় ১৪০ মণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা দুইজনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আলাই মিয়ার ছেলে মিলন মিয়া এবং একই গ্রামের গোলজার হোসেনের ছেলে শুভ মিয়া। বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত কাঠ ও ট্রাক বর্তমানে হবিগঞ্জের ভাদৈ এলাকার ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে।