তারেক রহমানের বক্তব্যে পরীমনির মুগ্ধতা

Printed Edition
bino-3
তারেক রহমানের বক্তব্যে পরীমনির মুগ্ধতা

বিনোদন প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় অংশ নেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এক আবেগঘন বক্তব্য দেন। তার এই প্রত্যাবর্তন ও ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তেমনি বিনোদন অঙ্গনের অনেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারেক রহমানের দেয়া ভাষণে মুগ্ধ হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি রাজনৈতিক নেতার বক্তব্যের বিশেষ কিছু অংশের প্রশংসা করেন।

পরীমনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, তারেক রহমানের বক্তব্যের একটি নির্দিষ্ট লাইন তার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তিনি লিখেন, “যখন বললেন ‘আজ এ দেশের মানুষ চায়...’, কথাটি একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে!” বক্তব্য চলাকালীন চারপাশের পরিবেশ এবং জনস্রোতের মধ্যে তৈরি হওয়া আবহ নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে এই অভিনেত্রী আরো যোগ করেন, ‘শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’

উল্লেখ্য, ওই সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাকস্বাধীনতা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বক্তব্যের প্রতি দেশের একজন জনপ্রিয় শিল্পীর এমন ইতিবাচক ও সংবেদনশীল মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভক্ত ও সাধারণ অনুসারীরা পরীমনির এই শান্তিকামী অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন।