রামাফোসাকে ট্রাম্পের দেখানো ছবিটি কঙ্গোর
Printed Edition
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের নির্বিচার হত্যার প্রমাণ হিসেবে যে ছবিটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সামনে তুলে ধরেছিলেন তা মোটেও দক্ষিণ আফ্রিকার নয়, সেটি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে রয়টার্সের ধারণ করা এক ভিডিও থেকে স্ক্রিনশট হিসেবে নেয়া হয়েছে।
বুধবার হোয়াইট হাউজের ওভাল দফতরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সাথে বৈঠকে ট্রাম্প ওই ছবিসহ ছাপা একটি নিবন্ধ তুলে ধরে বলেন, ‘এরা সবাই শ্বেতাঙ্গ কৃষক যাদের কবর দেয়া হচ্ছে।’ কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, রয়টার্স এই ভিডিওটি ৩ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল আর পরবর্তীকালে বার্তা সংস্থাটি ফ্যাক্ট চেক টিম এর সত্যতা নির্ধারণ করেছিল। এই ভিডিওতে কঙ্গোর গোমা শহরে মানবিক সাহায্যকর্মীদের লাশের ব্যাগ তুলতে দেখা যায়। রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীদের সাথে প্রাণঘাতী যুদ্ধের পর রয়টার্সের এই ভিডিওটি ধারণ করা হয়েছিল আর ওই ফুটেজ থেকেই ছবিটি নেয়া হয়েছে।
রয়টার্স জানায়, হোয়াইট হাউজের বৈঠকে ট্রাম্প রামাফোসাকে যে ব্লগ পোস্টটি দেখিয়েছেন সেটি রক্ষণশীল অনলাইন সাময়িকী ‘আমেরিকান থিঙ্কার’ এ প্রকাশিত হয়েছিল। এই সাময়িকীটি দক্ষিণ আফ্রিকা ও কঙ্গোর সংঘাত ও জাতিগত উত্তেজনা নিয়ে নিবন্ধ প্রকাশ করে।
ওই ব্লগ পোস্টে এই ছবির কোনো ক্যাপশন দেয়া হয়নি কিন্তু ‘ইউটিউবের ভিডিও থেকে নেয়া’ লেখা রয়েছে এবং সাথে ইউটিউবে কঙ্গো বিষয়ে একটি ভিডিও নিউজ প্রতিবেদনের লিঙ্ক দেয়া আছে, যার ক্রেডিট রয়টার্সের।
এ বিষয়ে মন্তব্যের জন্য জানানো অনুরোধে হোয়াইট হাউজ সাড়া দেয়নি। ‘আমেরিকান থিঙ্কার’ সাময়িকীর ব্যবস্থাপনা সম্পাদক ও ওই ব্লগ পোস্টের লেখক অ্যান্ড্রিয়া ইউডবার্গ রয়টার্সের জিজ্ঞাসার লিখিত উত্তরে জানিয়েছেন, ট্রাম্প ‘ছবিটিকে ভুলভাবে শনাক্ত’ করেছেন। তবে তিনি আরো জানিয়েছেন, ওই ব্লগ পোস্টটিতে যেটিতে রামাফোসার সরকারকে ‘অকার্যকর, বর্ণ-প্রভাবিত মার্কসবাদী সরকার’ বলা হয়েছে, তাতে ‘শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের উপর ক্রমবর্ধমান চাপের দিকে ইঙ্গিত করা হয়েছে।’
যে ভিডিও থেকে ছবিটি নেয়া হয়েছে তাতে গোমায় এম২৩ এর আক্রমণের পর একটি গণকবরের দৃশ্য ধারণ করা হয়েছে। রয়টার্সের ভিডিও সাংবাদিক জাফ্ফার আল কাতান্তাই ভিডিওটি ধারণ করেছিলেন।