ইউক্রেনে আকাশপথে সর্ববৃহৎ হামলা
পুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
Printed Edition
ইউক্রেনে আকাশপথে এখন পর্যন্ত সর্ববৃহৎ রুশ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে মোটেও ‘খুশি নন’। “কী হয়েছে তার? তিনি অনেক মানুষ মারছেন,” পুতিনকে করা বিরল তিরস্কারে গত রোববার এমনটাই বলেছেন তিনি। পরে রুশ প্রেসিডেন্টকে তিনি ‘পুরোপুরি পাগল’ বলেও অভিহিত করেছেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, সাম্প্রতিক রুশ হামলার ব্যাপারে ওয়াশিংটনের নীরবতাই পুতিনকে ‘আরো হামলায়’ উৎসাহিত করছে। তিনি কঠোর নিষেধাজ্ঞাসহ মস্কোর ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানান। গত শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত ইউক্রেইনজুড়ে রাশিয়ার ছোড়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে অন্তত ১২ জন নিহত ও ডজনের বেশি লোক আহত হয়েছে।
২০২২ সালে পুতিন প্রতিবেশী দেশে সর্বাত্মক অভিযানে নামার পর এক রাতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। সোমবার দিবাগত রাতেও ইউক্রেনের অনেক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় সাইরেন বেজেছে। এর মধ্যে উত্তরপূর্বের খারকিভে রুশ হামলায় এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে বলে সেখানকার মেয়র ইহর তেরাখোভ জানিয়েছেন। দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলে আহত হয়েছে দুইজন, বলেছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরোভ।
এ দিকে রাশিয়ায়, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো রাজধানীর দিকে উড়ে আসা দু’টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর মেলেনি। রোববার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সাথে কথোপকথনে পুতিন প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি তাকে অনেকদিন ধরে চিনি, সবসময় তার সাথে আমার ভালো সম্পর্ক; কিন্তু তিনি এখন বিভিন্ন শহরে রকেট পাঠাচ্ছেন আর মানুষ মারছেন, এটা আমি মোটেও পছন্দ করছি না।”
এই পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ভাবছেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই।’ মার্কিন প্রেসিডেন্ট অবশ্য আগেও মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন, যদিও শেষপর্যন্ত সেগুলো কথার কথাই থেকে গেছে। সাংবাদিকদের সাথে আলাপচারিতার কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন, পুতিন ‘পুরোপুরি পাগল হয়ে গেছেন’।
“আমি সবসময় বলে এসেছি যে তিনি ইউক্রেনের কেবল এক টুকরো নয়, পুরোটাই চান। এবং হয়তো এটাই সঠিক বলে প্রমাণিত হচ্ছে; কিন্তু যদি তিনি তা করেন, তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে,” বলেছেন ট্রাম্প। একইসাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, যেভাবে তিনি (জেলেনস্কি) কথা বলছেন, তা তার দেশের উপকারে আসছে না।