সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান আনসার মহাপরিচালকের
Printed Edition
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সমাবেশে মহাপরিচালক নির্বাচনী দায়িত্ব পালনে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। খুলনা স্টেডিয়ামের এই সমাবেশ থেকে ডিজিটাল জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তিনি একই সাথে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রস্তুতিমূলক সমাবেশে উপস্থিত সদস্যদের সরাসরি দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, ‘দেশের নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির প্রতিরক্ষা স্তর হলো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাষ্ট্রের কল্যাণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্য যদি অটল পাহাড়ের মতো যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে পারেন, তবেই জাতির কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব হবে।’
নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, ভোটকেন্দ্রে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করবেন, যাতে টহল টিম দ্রুত ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া ‘এসটিডিএমএস’ সফটওয়্যারের মাধ্যমে সদস্য নির্বাচন ও ভাতা প্রদান করায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বৈধ মিডিয়া ও পর্যবেক্ষক শনাক্তকরণ এবং ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
মহাপরিচালক আরো উল্লেখ করেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নির্বাচনী দায়িত্ব আমাদের কাছে একটি পবিত্র আমানত।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে বাহিনীর প্রায় পাঁচ লাখ ৬০ হাজার সদস্য সরাসরি নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই বিশাল বাহিনী নির্বাচনী ইতিহাসে একটি শক্তিশালী ভূমিকা রাখবে।
পরিশেষে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার ও অটল মনোবলের মাধ্যমে সারা দেশে একটি অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন মহাপরিচালক। তিনি বিশ্বাস করেন, আনসার-ভিডিপির এই তৎপরতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি বিশ্বাসযোগ্য ও গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিজ্ঞপ্তি।