দুই জেলায় ৩ জন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর দুমকীতে দু’জন এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একজন নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা-সিমেন্টবাহী টমটম সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা পিছাখালী ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে রবিউল (৬) নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খান (৬০) হাসপাতালে নিহত হন। অপর গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ: কাদেরকে (৫০) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আ: কাদেরদের অবস্থা আশঙ্কাজনক অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সবার বাড়ি পার্শ¦বর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ফারুক আহমেদ (২৯)। সে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার সকালে উপজেলার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারীগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সাথে ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ নিহত হয়। মোটরসাইকেলের অপর আরোহী জাহাঙ্গীর আলম তপু (৩০) মারাত্মক আহত হয়। তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদরাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহত তপুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।