শিক্ষকদের সমস্যা পর্যায়ক্রমে সমাধান করুন অধ্যাপক মুজিবুর রহমান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিশেষ সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ড. উমার আলীর সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নিয়ে গুরুত্ব দেয়া দরকার। দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে বিদ্যমান বৈষম্য, অবহেলা ও নানা সীমাবদ্ধতা আমাদের শিক্ষার মানকে ব্যাহত করছে। শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের মূল কারিগর, অথচ তাদের ন্যায্য মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদান করতে হবে এবং মাদরাসা শিক্ষাকে মূলধারার সাথে সমন্বয় করতে হবে। আমরা আশা করি, পর্যায়ক্রমে সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

অনলাইনে ক্লাসের নামে এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আরো উদ্বেগজনক ও গ্রহণযোগ্য নয়। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, সেক্রেটারি ড. মাওলানা আব্দুছ ছবুর মাতাব্বুর, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি স্কুল শিক্ষক পরিষদের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসাইন, ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জি এম আলাউদ্দিন, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা।