আজ পর্দা নামছে রিহ্যাব ফেয়ারের
স্বপ্নের ঠিকানা খুঁজতে মানুষের ভিড়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকাবাসীকে সুন্দর ও পরিকল্পিত আবাসনের স্বপ্ন দেখিয়ে আজ শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০২৫। অর্থনৈতিক মন্দার মধ্যেও ফেয়ারে অংশ নেয়া আবাসন কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, প্রত্যাশার তুলনায় কিছু বুকিং হয়েছে। তাদের মতে, আবাসন একটি মৌলিক অধিকার হওয়ায় অর্থনৈতিক সঙ্কট থাকলেও এ খাতের চাহিদা কখনো পুরোপুরি থেমে থাকে না। তাই সারা বছরই আবাসন কোম্পানিগুলোর ব্যবসা সচল থাকে।
আবাসন খাতে বিনিয়োগের ধরন ব্যাখ্যা করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নয়া দিগন্তকে বলেন, যারা পরিকল্পিতভাবে আয়-রোজগারের শুরু থেকেই আবাসনের জন্য অর্থ সঞ্চয় করেন, তাদের বড় একটি অংশের বিনিয়োগ আবাসন কোম্পানিতে আসে। পাশাপাশি কালো টাকার মালিকদের একটি অংশও নিরাপদ বিনিয়োগ হিসেবে রিয়েল এস্টেট খাতে অর্থ ঢালেন। এই দুই উৎসই বাংলাদেশের আবাসন ব্যবসাকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও এভাবেই এ খাত চলবে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল শুক্রবার মেলার তৃতীয় দিন ছিল। ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতেই রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (মৈত্রী সম্মেলন কেন্দ্র) প্রাাঙ্গণে দর্শনার্থীদের ঢল নামে। শহরের যানজট, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের মধ্যেও মানুষ ছুটে এসেছে নিজের একটি ঠিকানা পাওয়ার স্বপ্নে। ভাড়া বাসার অনিশ্চয়তা পেরিয়ে স্থায়ী আবাসনের আকাক্সক্ষাই হাজারো মানুষকে এক সুতোয় বেঁধেছে। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীর সাথে।
মেলায় ঘুরে দেখা যায়, কেউ খুঁজছেন সাধ্যের মধ্যে একটি ছোট ফ্ল্যাট, আবার কেউ ভবিষ্যতের কথা ভেবে প্লট কেনার পরিকল্পনা করছেন। তবে তুলনামূলকভাবে ছোট ফ্ল্যাটের চাহিদাই বেশি। নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ধৈর্য নিয়ে দর্শনার্থীদের বিভিন্ন প্রকল্প, কিস্তির সুবিধা, মূল্যছাড় এবং মেলার বিশেষ অফার সম্পর্কে জানাচ্ছেন। অনেকেই প্রথমবার বুঝতে পারছেন- সঠিক তথ্য ও পরিকল্পনা থাকলে নিজের বাসার স্বপ্ন অধরা নয়।
বিকেল থেকে রাত পর্যন্ত মেলার প্রতিটি স্টলে ছিল প্রাণচাঞ্চল্য। রিহ্যাব ফেয়ারে অংশ নেয়া কোম্পানিগুলো ঢাকার বিভিন্ন এলাকায় তাদের প্রকল্প তুলে ধরেছে, ফলে ক্রেতারা পছন্দের লোকেশন অনুযায়ী ফ্ল্যাট বা প্লটের তথ্য পাচ্ছেন।
গতকাল শুক্রবারের ভিড় শুধু সংখ্যায় নয়, অনুভূতিতেও ভারী। কারণ আজ শনিবারই শেষ সুযোগ। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, গতকাল তারাও অন্তত দেখে যাচ্ছেন, তথ্য নিচ্ছেন ও তুলনা করছেন। অনেকেই প্রাথমিক আলোচনা সেরে রেখে ভবিষ্যতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন। এভাবে রিহ্যাব ফেয়ার কেবল কেনাবেচার জায়গা নয়, বরং স্বপ্ন গুছিয়ে নেয়া ও সিদ্ধান্ত নেয়ার একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।