হামের টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানুন

হাম অত্যন্ত সংক্রামক হলেও এর প্রতিরোধের কার্যকর উপায় টিকা। তাই ভিড়ের ঝুঁকি বিবেচনায় রেখে সচেতনভাবে টিকা নেয়াই এখন সবচেয়ে জরুরি। সামান্য সতর্কতা মেনে চললে একদিকে যেমন টিকার সুরক্ষা পাওয়া যাবে, অন্যদিকে সংক্রমণের ঝুঁকিও কমানো সম্ভব। এই দুইয়ের সমন্বয়েই নিয়ন্

Printed Edition
niramoy-1
হামের টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানুন

নিরাময় ডেস্ক

হামের টিকাদান কর্মসূচি শুরু হতেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভিড়ের চিত্র দেখা যাচ্ছে। শিশুদের সুরক্ষায় অনেক অভিভাবক দ্রুত টিকা দিতে কেন্দ্রে ছুটছেন, যা নিঃসন্দেহে ইতিবাচক। তবে এই ভিড়ই নতুন একটি প্রশ্ন সামনে আনছে, জনসমাগমে কি বাড়তে পারে হামের সংক্রমণের ঝুঁকি?

হাম একটি ভাইরাসজনিত রোগ, যা খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে যায় এবং তা কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে একই ঘরে থাকা বা কাছাকাছি অবস্থান করলেই সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। এমনকি দরজার হাতল, খেলনা বা অন্যান্য পৃষ্ঠ স্পর্শ করার পর হাত মুখে দিলে সংক্রমণ ঘটতে পারে। অর্থাৎ, সরাসরি সংস্পর্শ ছাড়াও একই পরিবেশে থাকলে হামের ঝুঁকি তৈরি হতে পারে।

টিকাকেন্দ্রে সাধারণত অনেক মানুষ একসঙ্গে জড়ো হন, বিশেষ করে শিশুদের ভিড় বেশি থাকে এবং অপেক্ষার সময়ও দীর্ঘ হয়। এই পরিস্থিতিতে যদি কেউ আগে থেকেই সংক্রমিত থাকে বা উপসর্গ শুরুর আগের অবস্থায় থাকে, তাহলে অজান্তেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে। বিশেষ করে যারা এখনো টিকা নেয়নি, তাদের জন্য এই ঝুঁকি বেশি। টিকা নেয়াই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা। তবে টিকা নিতে গিয়ে অপ্রয়োজনীয় ভিড় বা অসতর্কতা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ, ঝুঁঁকির মূল কারণ টিকা নয়, বরং ভিড়ের ব্যবস্থাপনা ও ব্যক্তিগত সতর্কতার ঘাটতি।

সংক্রমণের ঝুঁকি কমাতে কিছু সহজ সতর্কতা মেনে চলা জরুরি। কম ভিড়ের সময় টিকাকেন্দ্রে যাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। শিশু বা অভিভাবকের কারও জ্বর, কাশি বা অসুস্থতা থাকলে সেদিন টিকা নিতে না যাওয়াই ভালো। টিকাকেন্দ্রে অন্যদের সঙ্গে সম্ভব হলে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। ভিড়ের মধ্যে মাস্ক ব্যবহার সংক্রমণ কমাতে সহায়ক হতে পারে, বিশেষ করে শিশু ও অভিভাবকদের ক্ষেত্রে। পাশাপাশি বারবার হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

যেসব টিকাকেন্দ্র খোলা জায়গায় বা বায়ুচলাচল ভালো এমন পরিবেশে স্থাপন করা হয়েছে, সেখানে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম। তবে বদ্ধ ঘর বা গাদাগাদি পরিবেশে এই ঝুঁকি অনেক বেশি থাকে।

সর্বোপরি, হাম অত্যন্ত সংক্রামক হলেও এর প্রতিরোধের কার্যকর উপায় টিকা। তাই ভিড়ের ঝুঁকি বিবেচনায় রেখে সচেতনভাবে টিকা নেয়াই এখন সবচেয়ে জরুরি। সামান্য সতর্কতা মেনে চললে একদিকে যেমন টিকার সুরক্ষা পাওয়া যাবে, অন্যদিকে সংক্রমণের ঝুঁকিও কমানো সম্ভব। এই দুইয়ের সমন্বয়েই নিয়ন্ত্রণে আনা যেতে পারে হামের প্রাদুর্ভাব।