পাখি শিকারের তথ্য দিলে মিলছে শীতবস্ত্র

Printed Edition

সিংড়া (নাটোর) সংবাদদাতা

পাখি ও বন্যপ্রাণী শিকারের তথ্য দিলে উপহার হিসেবে দেয়া হচ্ছে একটি করে শীতবস্ত্র। দেশের বৃহত্তম জলাভূমি চলনবিলের জীববৈচিত্র্য ও অতিথি পাখি রক্ষায় এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’। গত রোববার ভোরে সিংড়া উপজেলার চলনবিলের ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, শীত মৌসুম শুরু হলে চলনবিলে অতিথি পাখির আগমন বাড়ে। একই সাথে পাখি শিকারিদের তৎপরতাও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে পাখি শিকার রোধ ও স্থানীয়দের সম্পৃক্ত করতে তথ্যদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংগঠনটি দুর্গম বিলাঞ্চলে গিয়ে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ইন্দ্রাসন বিলে পাখি শিকারের তথ্য দেয়ায় আব্দুল করিম ও শাকিব শেখকে একটি করে শীতবস্ত্র উপহার দেয়া হয়। পাশাপাশি বিলের পাখি রক্ষায় বিভিন্ন সময়ে ভূমিকা রাখায় আরো সাতজনকে শীতবস্ত্র দেয়া হয়েছে। পরে বিলতাজপুর, সাতপুকুরিয়া, ইন্দ্রাসন ও ডাহিয়া ডুবন্ত সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুলসহ পরিবেশকর্মীরা।

পরিবেশকর্মী আব্দুল করিম বলেন, পাখি রক্ষায় প্রতিদিনই তারা দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন এবং শিকারিদের সচেতন করছেন। তবুও যারা শিকার চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতে আগত অতিথি পাখির নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিলপাড়ের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।