ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ৬ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

১০ দলের ২৯ ও স্বতন্ত্র ৫ প্রার্থী

Printed Edition

এম জে এইচ জামিল সিলেট ব্যুরো

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন এমপি প্রার্থী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট তথ্য মতে, জেলার ছয় আসনে ১০ দলের ২৯ জন ও স্বতন্ত্র পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে বিএনপির আটজন, জামায়াতে ইসলামীর তিনজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন, খেলাফত মজলিসের একজন, গণ অধিকার পরিষদের চারজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাতীয় পার্টির (জি এম কাদের) দু’জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের চারজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, গণফোরামের একজন এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী রয়েছেন।

নির্বাচন অফিসের তথ্য মতে, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সিলেট-২ আসনে বিএনপির দু’জন, খেলাফত মজলিসের একজন, গণ অধিকার পরিষদের একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন ও গণফোরামের একজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সিলেট-৩ আসনে বিএনপির দু’জন, জামায়াতে ইসলামীর একজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জাতীয় পার্টি (জি এম কাদের) একজন ও স্বতন্ত্র দু’জনসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সিলেট-৪ আসনে বিএনপির একজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন, গণ অধিকার পরিষদের একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন ও জাতীয় পার্টি (জি এম কাদের) একজনসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামী একজন, জমিয়তে উলামায়ে ইসলাম একজন, বাংলাদেশ খেলাফত মজলিস একজন ও স্বতন্ত্র প্রার্থী দু’জনসহ মোট পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া সিলেট-৬ আসনে বিএনপি দু’জন, গণ অধিকার পরিষদের ১ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য আর মাত্র তিন দিন সময় রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।