শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা আমরণ অনশন শেষে তা ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো কার্যকর আশ্বাস না পেলেও শহীদ পরিবারের সদস্যদের অনুরোধ ও আশ্বাসে গতকাল শনিবার বিকেলে তারা অনশন ভঙ্গ করেন।
এ দিন বেলা ৩টার দিকে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে উপস্থিত হন জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের পিতারা অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন। তারা গণভোট বাস্তবায়নের দাবিতে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন।
পরে শহীদদের পিতারা শিক্ষার্থীদের ডাবের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
টানা তিন দিন অন্ন-জল ত্যাগ করায় অনশনকারীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। অনশন ভাঙার পরপরই তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই অনশন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো: সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই বিপ্লবের মর্যাদা রক্ষার দাবিতে গত তিন দিন ধরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। এর আগে সাকিবুর রহমানের মা অনশন ভাঙানোর চেষ্টা করলেও তিনি দাবিতে অনড় ছিলেন। শেষ পর্যন্ত শহীদ পরিবারের সদস্যদের অনুরোধ ও আন্দোলনের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি সমাপ্ত করেন।