লংগদুতে খ্রিষ্টানদের পাশে সেনাবাহিনী

Printed Edition
bangla-12
লংগদুতে খ্রিষ্টান চার্চে উপহার সামগ্রী প্রদান করছেন সেনাবাহিনীর সদস্যরা : নয়া দিগন্ত

লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় ও দুস্থ খ্রিষ্টান পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের উদ্যোগে বড়দিন উপলক্ষে স্থানীয় গির্জা (চার্চ) ও খ্রিষ্টান পরিবারগুলোর মধ্যে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার সকালে লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

লংগদু জোন সূত্র জানায়, পাহাড়ে বসবাসরত সব ধর্ম ও বর্ণের মানুষের সাথে সম্প্রীতির বন্ধন অটুট রাখাই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। বড়দিনের এই আনন্দঘন মুহূর্তে খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবে শামিল হয়ে তাদের আনন্দ ভাগ করে নেয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উপহার ও অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকে। বড়দিনে এই সহায়তা আমাদের উৎসবের আনন্দকে আরো অর্থবহ করেছে। এটি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।