সিলেটে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ, আটক ৬১৩৩ যানবাহন

Printed Edition

সিলেট ব্যুরো

দায়িত্ব গ্রহণের ১০০ দিনে সিলেট মহানগরের আইনশৃঙ্খলা, যানজট ব্যবস্থাপনা ও পুলিশি সেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময়ে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি চোরাই ও অবৈধ পণ্য জব্দের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং হাজারো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী দায়িত্ব নেয়ার পর অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ১০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অভিযানে পাঁচ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৭১৭ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এ সময় অপারেশন ডেভিল হান্টসহ বিভিন্ন অভিযানে ১৫২ জন গ্রেফতার হন। উদ্ধার করা হয় ৫৫০টি হারানো ও চোরাই মোবাইল ফোন এবং ৮৮ জন ভিকটিম।

মাদকবিরোধী অভিযানে তিন হাজার ৬৮৫ পিস ইয়াবা, এক হাজার ৪৫৯ বোতল বিদেশী মদ, ৩৯৩ লিটার চোলাই মদ, ৯ কেজি ৪১৯ গ্রাম গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তালিকাভুক্ত ছিনতাইকারী, চোর ও ডাকাতসহ ১১৯ জনকে গ্রেফতার করা হয়। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪৭ জন গ্রেফতার এবং ৯টি হোটেল সিলগালা করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক অভিযানে ছয় হাজার ১৩৩টি যানবাহন আটক ‘করা হয়। তিন হাজার ৭৫৫টি মামলায় জরিমানা আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ১১ হাজার ৮০০ টাকা। অবৈধ স্ট্যান্ড, রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। নাগরিক সেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর ‘এবহরবঅ’ অ্যাপ চালু, ফুটপাথ দখলমুক্তকরণ, ব্যাটারিচালিত রিকশাবিরোধী অভিযান ও সামাজিক সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের কথা জানায় পুলিশ। এসএমপি বলছে, গৃহীত উদ্যোগগুলোর সুফল ইতোমধ্যে নগরবাসী পাচ্ছেন।