হুলি মানুষ : লোপা জয়নুল আবেদীন

Printed Edition
nittodin 1
হুলি মানুষ : লোপা জয়নুল আবেদীন

বলছি ‘হুলি’ মানুষের কথা; হ্যারোলি নামেও এদের পরিচিতি আছে। এরা একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। এদের বসবাস পাপুয়া নিউগিনির দক্ষিণ উচ্চভূমিতে; এরা ওই এলাকার দেশজ মানুষ। প্রায় হাজার বছর ধরে এরা এদের আবাসভূমিতে বাস করছে।

হুলি জনসংখ্যা প্রায় ২ লাখ ৫০ হাজার। এরা কথা বলে হুলি ও তোক পিসিন ভাষায়; কিছু কথা বলে ইংরেজি ভাষায়। হুলি ভাষা এঙ্গান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এটি লেখা হয় ল্যাটিন হরফে। তোক পিসিন পাপুয়া নিউগিনির সরকারি ভাষা।

হুলি জনগোষ্ঠী বিভিন্ন গোত্রে বিভক্ত। এসব গোত্রে রয়েছে উপগোত্র। হুলি সমাজে পারিবারিক বন্ধন বেশ মজবুত। এ সমাজে সৎ ভাইবোন, চাচাতো ভাইবোন ইত্যাদিকে ভাইবোন হিসেবে গণ্য করা হয়। চাচা-চাচীরা বাবা-মা হিসেবে সম্মানিত। হুলি পুরুষ একসাথে একাধিক বিয়ে করতে পারে। কিন্তু নারীর একই সময়ে একটি স্বামী থাকতে পারে। সাধারণত পারিবারিক আয়োজনে বিয়ে হয়, আবার সম্পর্কের বিয়েরও প্রচলন আছে। বিয়েতে বরের পরিবার কনের পরিবারকে যৌতুক দেয়। সচরাচর শূকর বা অন্য কোনো পশু দেয়া হয়। তালাক হলে স্বামী চেষ্টা করে স্ত্রীর পরিবারকে দেয়া শূকর ফেরত নিতে।

হুলিরা শিকার, ফলমূল সংগ্রহ এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। এরা মিষ্টিআলু, আলু, বাঁধাকপি ইত্যাদি চাষ করে। কিছু হুলি ব্যবসা করে।

অবিবাহিত পুরুষেরা ঐতিহ্যগতভাবে ‘গোষ্ঠী-ঘরে’ বাস করে। বর্তমানে এ রেওয়াজ বিরল। উৎসবে ঐতিহ্যবাহী পোশাক পরার সময় পুরুষেরা গায়ে রঙিন কাদা মেখে শরীর অলঙ্করণ করে। এ সময় এরা মাথায় রঙিন পট্টি বাঁধে; দেখতেও ভালো লাগে বেশ।