বিএনপির ইশতেহারে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থার যুগান্তকারী অঙ্গীকার : ড্যাব

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবা নিয়ে বিএনপির ইশতেহার বাস্তবায়িত হলে দেশে একটি উন্নত ও সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যেখানে রাষ্ট্রের অভিজাতরা যেরকম স্বাস্থ্যসেবা পাবে, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরাও সরকারিভাবে সমান স্বাস্থ্যসেবা পাবে।

ঘোষিত ইশতেহারকে স্বাগত জানিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ এবং মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির ২ নং প্রতিশ্রুতিতে বলা হয়েছে, দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্য কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্য নীতির আলোকে আমাদের লক্ষ্য হলো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা দেয়া।

এ ছাড়াও ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন, মহামারী ও মশাবাহিত রোগ নির্মূল, স্বাস্থ্যকর জীবনযাপন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি সরবরাহ, জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন, স্বাস্থ্যখাতে অটোমেশন ও নিয়ন্ত্রণের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।