কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে : নাহিদ ইসলাম

Printed Edition
first-3
কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে : নাহিদ ইসলাম

সাভার (ঢাকা) সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ সে দিন ভোট চুরি করার চেষ্টা করলে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টায় সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন মাতৃবাগান মাঠে ঢাকা-১৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর নতুন কোনো জালিমের আবির্ভাব দেখতে চায় না। আমরা দেখেছি ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, নতুন করে জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষ কে নির্যাতন করেছে। যারা মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারাই নতুন জালিম হিসেবে আভির্ভূত হয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জালিমদের পরাজিত করার দিন, ঋণখেলাপিদের পরাজিত করার দিন। আগামীতে যদি ঋণখেলাপিরা, জালিমরা ও ভূমিদস্যূরা এবং যাদের বিদেশী নাগরিকত্ব রয়েছে তারা সংসদে যায়; তা হলে এ বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা দলের পরিবর্তে আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ এ জন্য জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, গণ-অভ্যুত্থান করেন নাই। তাই এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন। তিনি বলেন, ১১ দলের ঐক্য হলো পরিবর্তনের প্রতীক, সংস্কারের প্রতীক। দাঁড়িপাল্লা আর শাপলা কলি হলো সংস্কার এবং পরিবর্তনের প্রতীক। ১১ দলের পক্ষে সারা দেশে জোয়ার উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে; দিল্লি থেকে নয় এবং এ দেশের জনগণই হলো সব। তিনি আরো বলেন, দেশের জন্য এক হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নির্বাচন দিতে পারছি। এ সময় তিনি ১১ দলীয় জোটকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান এবং সরকার গঠন করতে পারলে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পারব এবং ইনসাফের সমাজ কায়েম করব। নাহিদ ইসলাম এ সময় আরো বলেন, দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাঁবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি আবারো জীবন দেবো, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।

এ সময় তিনি শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে কিন্তু লাশের ওপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই।

নাহিদ ইসলাম বলেন, একটি দলের নেতা দেশে এসে বলেছেন তার একটি প্ল্যান রয়েছে। বাংলাদেশে এসে তিনি পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছেন, কিন্তু দেশের কোথায় চিনিকল আছেন, কোথায় নাই, কোথায় ইপিজেড আছে কোথায় নাই, সয়াবিন চাষ হয় কোথায় ভুট্টা চাষ হয় উনি কিছুই জানেন না। যার দেশ সম্পর্কে কোনো ধারণা নেই, ১৬-১৭ বছর বিদেশে ছিলেন। মানুষ তার প্ল্যান সম্পর্কে বুঝে গেছে। এমন কোনো প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেবো না ইনশা আল্লাহ।

নির্বাচনী জনসভায় তিনি ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এবং ঢাকা-২০ (ধামরাই) প্রার্থীকে শাপলা কলি প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান। ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল বলেন, যে রাজনীতি বাংলাদেশের না, আমরা তা করি না। গণভোটে হ্যাঁ এ ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শহিদ ওসমান বিন হাদি হত্যার বিচার এ বাংলাদেশেই হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার থানা সমন্বয়ক জুলকান নাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ঢাকা জেলা সেক্রেটারি ও জোটের কারণে এ আসনে মনোনয়ন প্রত্যাহারকারী মাওলানা মো: আফজাল হোসাইন, ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, জেলা আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর আমির মো: আজিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও ১১ দলীয় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় সকাল ১০টায় শুরু হলেও তার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

হাদি হত্যার বিচারের ব্যাপারে এক বিন্দুও ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে নাহিদ লেখেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেয়া হবে না। জাতিসঙ্ঘের অধীনে শরিফ ওসমান ভাইয়ের হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফেসবুক পোস্টের সাথে সাভারে ঢাকা-১৯ আসনের নির্বাচনী জনসভায় তার বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন তিনি। সকালে অনুষ্ঠিত ওই জনসভায় বক্তব্যে তিনি বলেছেন, ‘শরিফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না। আমরা গতকাল রাতে থেকে দেখেছি, যমুনার সামনে শরিফ ওসমান হাদি ভাইয়ের পরিবার অবস্থান নিয়েছিল বিচারের জন্য। এই ইন্টেরিম গভর্মেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, শরিফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে। শরিফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টেরিম গভর্মেন্টকে।