সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন সংগ্রহ তিন শিল্পীর

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন শিল্পী। তারা হলেন- কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য এবং বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।’

অন্য দিকে কনকচাঁপা মনোনয়নপত্র সংগ্রহের পর জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সাথে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেয়ার কথাও জানান তিনি।

অন্য দিকে রিজিয়া পারভীন কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন সঙ্গীত অঙ্গনের সাথে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি।

সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’

একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কৃতি নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমার এলাকায় কিছু কাজ করেছি।

মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেবো।’