নির্বাচন বানচালের চেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে : আদিলুর রহমান খান
Printed Edition
মাদারীপুর ও শিবচর প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বানচালের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র ও বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে জনগণ সরকারের পাশে থাকবে। কোনো দেশপ্রেমিক নাগরিক নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না; বরং সবাই এগিয়ে এসে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার রিস্ক নিয়ে হলেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এর আগে উপদেষ্টা সদর উপজেলার ঘটমাঝি এলাকায় গিয়ে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সকালে তিনি শহরের শকুনী লেক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মাদারীপুর সফরে উপদেষ্টা শিবচর উপজেলায় চলমান হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ ছাড়া তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সাথে মতবিনিময় সভা, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে আলোচনা এবং জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানান উপদেষ্টা। এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।