রায়পুরায় ২ পক্ষের সংঘর্ষে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত, আহত অন্তত ১০

Printed Edition

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে উপজেলার চরাঞ্চলের সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সায়েদাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়ার নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিক দফা সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ বিরোধের জেরে বুধবার সকালে এক পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অপর পক্ষের এলাকায় হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চাইনার ছোড়া গুলিতে মুস্তাকিম আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)। বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।