মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকার সচেষ্ট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেখানে অবস্থানরত যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, আমরা তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। তবে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না। যারা সেখানে থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সরকার সচেষ্ট রয়েছে।
গত সোমবার দুপুরে নিজ সংসদীয় এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীর এবং আমাদের সরকারেরও টপ প্রায়োরিটি হচ্ছে, সেখানে বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি। আমাদের মিশনগুলো সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে ফেরত আনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলওর সমন্বয়ে আমরা এসব প্রবাসীদের ফেরত আনতে পেরেছি। সেখানে অবস্থানরত বাংলাদেশী ভাইবোনদেরও সহযোগিতা ছিল তাদের ফেরত আনার ব্যাপারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেষ্ট রয়েছে।
তবে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তারা সেখানে বিভিন্ন চাকরি ও কাজে যুক্ত রয়েছেন। যারা ফেরত আসতে চাচ্ছে, সেটি নির্ভর করছে ওই সমস্ত দেশের যুদ্ধের অবস্থার উপরে। এটি প্রেফার করছে, তারা ওই দেশে থেকে কাজটা কন্টিনিউ করতে পারবে কিনা তার উপরে। তবে যাদের জীবনের ঝুঁকি আছে, তারা ফেরত আসতে চাচ্ছে। যারা ফেরত আসতে চাচ্ছে, তাদেরকে আমরা সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে যতগুলো ফ্লাইট-ই লাগুক আমরা তাদের ফেরত আনবো। এবং যারা ওখানে আছে, তারা যেন নিরাপদে থাকেন, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গতি ১৭ বছর মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ নানা অপরাধে বিচারের মুখোমুখি হয়েছে এবং যাদের সাজা হয়েছে; সেইসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সবসময় সচেষ্ট আছে।
বাবার কবর জিয়ারত শামা ওবায়েদ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ওবায়েদ মঞ্জিলে অবস্থানকালে তিনি বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।