পাকিস্তানকে শ্রীলঙ্কার চিঠি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি২-০ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গত পরশু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে এই অনুরোধ করেন এসএলসির সভাপতি শাম্মি সিলভা।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের অবস্থান জানায়নি পিসিবি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়, পিসিবিকে পাঠানো চিঠিতে এসএলসি জানায়, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে তারা অত্যন্ত আগ্রহী এবং ম্যাচটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এসএলসি আরো উল্লেখ করে, ম্যাচে পাকিস্তান অংশ না নিলে শ্রীলঙ্কার জন্য তা ভয়াবহ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে এসএলসি।