কৃষিপণ্য সরবরাহে উৎসে কর অব্যাহতি চায় বাপা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কৃষিজপণ্য সরবরাহে উৎসে কর কর্তন থেকে অব্যাহতির দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। পাশাপাশি ভ্যাটের বিদ্যমান ১৫ শতাংশ হার কমিয়ে একক ডিজিটে নামিয়ে আনা, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ এবং ৫০ শতাংশের বেশি অব্যাহতি সুবিধাপ্রাপ্ত উপকরণ দিয়ে তৈরি পণ্যের সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।

এ সময় বাপা মিনারেল ওয়াটার (৩ লিটার পর্যন্ত) থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করে। সংগঠনটির মতে, বড় শহরগুলোতে নিরাপদ পানির অন্যতম নির্ভরযোগ্য উৎস মিনারেল ওয়াটার, যা কোনো বিলাসী পণ্য নয় বরং জরুরি প্রয়োজনীয় পণ্য। তাই এ খাতে সম্পূরক শুল্ক আরোপ অযৌক্তিক।

এ ছাড়া বন্ডেড প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা চলাকালে পণ্য আমদানি কার্যক্রম সচল রাখতে সাময়িক অনুমোদন দেয়ার প্রস্তাব দেয়া হয়। একই সাথে মাসভিত্তিক ইউপি (ইউটিলাইজেশন পারমিট) অনুমোদন এবং ভিন্ন কমিশনারেটের আওতাধীন প্রতিষ্ঠানের জন্য অব্যাহতি বন্ড সুবিধা চালুর কথাও জানায় সংগঠনটি।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, বাপার উত্থাপিত সমস্যাগুলো সমাধানে কাজ করবে সংস্থাটি। প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন টার্নওভার কর কমানো, করপোরেট কর হ্রাস এবং কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দেয়। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, টার্নওভার কর ২ দশমিক ৫ শতাংশে নামানোর দাবি থাকলেও তা বাস্তবায়ন কঠিন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কর ব্যবস্থা মুনাফাভিত্তিক হলেও দেশের সার্বিক রাজস্ব আদায় কম হওয়ায় অনেক ক্ষেত্রে টার্নওভারের ওপর কর আরোপ করতে হচ্ছে। হিসাব-নিকাশ ও রিপোর্টিংয়ের ঘাটতির কারণেই এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আবদুর রহমান খান আরো বলেন, সরকার যে কর অব্যাহতি দেয়, তার সুফল ভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে সরকারি সুবিধার পুরোটা শেষ পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছায় না, মাঝপথে তা আটকে যায়। এ বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন ও রফতানির জন্য ৩২টি কাঁচামালে শুল্ক সুবিধা চায়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ফল আমদানিতে কর কমানোর প্রস্তাব দেয়। বাংলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বিভিন্ন কাঁচামালে কর ছাড়ের দাবি জানায়। এ ছাড়া বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন কৃষিতে ব্যবহৃত কীটনাশক ও সংশ্লিষ্ট পণ্যে কর-শুল্ক কমানোসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে।