শাহবাগে দ্বিতীয় দিনের অবরোধ
দৃশ্যমান বিচারকাজ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ইনকিলাব মঞ্চ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং আসামি গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল দুপুর ১২টা ৩৭ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করে সড়ক অবরোধ করে অবস্থান নেন। রাতেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। গত শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছেন ছাত্র-জনতা।
গতকাল সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ওই সময় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আন্দোলনকারীরা সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। তারেক রহমানের জিয়ারত কর্মসূচি শেষ হওয়ার পর পরই তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে অবরোধ শুরু করেন।
অবরোধ চলাকালে ‘বাংলাদেশের আজাদি-ওসমান হাদি’, ‘ইনসাফের পতাকায়-হাদি তোমায় দেখা যায়’ এবং ‘খুনি ফয়সালের ফাঁসি চাই’সহ বিভিন্ন প্রতিবাদী সেøাগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানান, হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন।
বিক্ষোভের দ্বিতীয় দিনে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির হত্যার বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেয়া হবে না। তিনি সতর্ক করে উল্লেখ করেন, পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শাহবাগে অবস্থানরতরা হাদির খুনিদের গ্রেফতার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে উত্তাল সেøাগান দিয়েছেন। ইনকিলাব মঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনকারীরা মনে করছেন, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল।
আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা কয়েকটি দিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা পূরণ হবে না। তিনি বলেন, রক্তের সাথে বেইমানি করলে জনতা এই জমিনেই বিচার নিশ্চিত করবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয়। জাবের উপদেষ্টাদের উদ্দেশ করে প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। যারা হত্যার পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন, আমরা পাহারা দেবো; ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।