একতরফা আধিপত্য বিস্তারের ভবিষ্যৎ নেই : চীন

Printed Edition

সিনহুয়া

এশিয়ায় শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ক্ষমতার রাজনীতি ও এক তরফা আধিপত্য বিস্তারের কোনো ভবিষ্যৎ নেই। ভিয়েতনাম সফর শেষে গত মঙ্গলবার তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

চীনা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াং ই বলেন, ‘এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা সহজে আসেনি এবং সব দেশের উচিত এর মূল্যায়ন করা।’ তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে বর্তমানে গভীর পরিবর্তন হচ্ছে এবং আঞ্চলিক সঙ্ঘাত চার দিকে ছড়িয়ে পড়ছে।’

তিনি জানান, কিছু পরাশক্তি ইচ্ছাকৃতভাবে বলপ্রয়োগ করছে যা বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা অব্যাহত রয়েছে, যেখানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াং ই এসব মন্তব্য করলেন। এর জবাবে ইরানও ইসরাইল, জর্দান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ওয়াং ই ভিয়েতনাম এবং অন্যান্য দেশের সাথে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে চীনের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের লক্ষ্য হলো এশিয়ার এই অভিন্ন আবাসস্থল রক্ষা করা, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গঠনে যৌথভাবে এগিয়ে যাওয়া এবং মানবতার জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করা। কূটনীতি, প্রতিরক্ষা ও জননিরাপত্তা বিষয়ক চীন-ভিয়েতনাম ‘থ্রি প্লাস থ্রি’ কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি ভিয়েতনামে অবস্থান করছিলেন। এই বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন এবং জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওয়াং জিয়াওহং-ও উপস্থিত ছিলেন।