মালদ্বীপে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশীর মৃত্যু
Printed Edition
ওমর ফারুক (মালদ্বীপ)
রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পাশের একটি এক তলা আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে হানজালা (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
তিনি বলেন, আমরা শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে গুরুতর আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কথাও হয়েছে। চিকিৎসক তখন জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পরবর্তীতে রাত ২টায় হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিটে মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পাশের একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে গুরুতর আহত হন হানজালা। খবর পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল।
প্রত্যক্ষদর্শী আহত হানজালার আত্মীয় মালদ্বীপ প্রবাসী সেলিম ও মাসুদ জানান, মাত্র সাত থেকে আটমাস হয় প্রবাসী হানজালা মালদ্বীপে এসেছিলেন। তিনি মালের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কর্মস্থলে গিয়ে ছাদে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন, হাঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মহূর্তে পা পিছলে ১০ তলা ভবনের উপর থেকে পাশের একটি আবাসিক ভবনের টিনের চালের উপর পড়ে- টিনের চাল ছিদ্র হয়ে ভিতরে থাকা সোফায় গিয়ে পড়েন। এ সময় স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর শুক্রবার রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার লাশ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করেছেন। হানজালার বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩-নং ওয়ার্ডে। বাবার নাম আবদুল সামাদ।