বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ বাবা ও ছেলের লাশ উদ্ধার

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে ইলিশ ধরার ট্রলার ডুবে নিখোঁজ থাকা বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে ডুবে যাওয়া ট্রলারের মধ্য থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় জেলে ও স্বজনরা। ভুক্তভোগীরা হলেন রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার মো: শামীম জোমাদ্দার (৪০) ও তার ১১ বছর বয়সী ছেলে সিয়াম। গত বুধবার রাতে বঙ্গোপসাগরের পাইপবয়া এলাকায় ট্রলারডুবির ঘটনাটি ঘটে।

নিহত জেলে শামীম জোমাদ্দারের বাবা মো: সিদ্দিক জোমাদ্দার বলেন, দুর্ঘটনার শিকার হওয়ার ট্রলারে তিনিসহ মোট ছয়জন মাঝিমাল্লা ছিল। গত বুধবার রাতে ঝড় ও প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডবে তার ট্রলারটি ছিদ্র হয়ে পানি ঢুকে সাগরে নিমজ্জিত হয়। ডুবে যাওয়ার পর তিনিসহ চারজন অন্য জেলেদের সহায়তায় উদ্ধার হলেও তার ছেলে শামীম ও ১১ বছর বয়সী নাতি সিয়াম নিখোঁজ ছিল। বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া ট্রলারের মধ্য তাদের লাশ খুঁজে পান স্থানীয় জেলে ও স্বজনরা।

জীবিত উদ্ধার জেলে শাওন হাওলাদার জানান, গত রোববার (২১ ডিসেম্বর) রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট থেকে এমভি সিদ্দিক নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যায় তারা। তাদের ট্রলারে মোট ছয়জন মাঝিমাল্লা ছিল। সাগরে পৌঁছে দুই দিন মাছ ধরার পর ২৪ ডিসেম্বর রাতে পাইপবয়া (জেলেদের দেয়া নাম) এলাকায় ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়ে। মধ্য রাতে ঝড় ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারে নিচের অংশ ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর ট্রলারটি উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ট্রলারে নিখোঁজ থাকা শামীমের বাবা মো: সিদ্দিক জোমাদ্দার (৬০), মো: শাওন (২৪), মো: রাব্বী (১৮) ও রাশেদ (২০) কিনারায় উঠলেও দু’জন নিখোঁজ থাকেন।