ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি ও ইয়ুথ আইডিয়া কনটেস্ট

Printed Edition
back-1
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। সকালের বিশাল র‌্যালি ও সমাবেশ এবং বিকেলের উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা দিনটি উদযাপন করেন।

গতকাল শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‌্যালিটি শুরু হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের ও জাতীয় পতাকা এবং বিভিন্ন সেøাগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও সততার বিকল্প নেই। ছাত্রশিবির আগামীর দেশপ্রেমিক নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।

সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আবদুল মান্নান, ডাকসু জিএস এস এম ফরহাদ ও ঢাবি সভাপতি মুহা: মহিউদ্দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ ণড়ঁঃয ওফবধ ঈড়হঃবংঃ-২০২৬ ’

সকালের র‌্যালির পর বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তরুণদের উদ্ভাবনী ভাবনা নিয়ে ‘ণড়ঁঃয ওফবধ ঈড়হঃবংঃ-২০২৬’ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সংস্কার নিয়ে তাদের সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। আধুনিক ও মেধাসম্পন্ন প্রজন্ম গড়ার লক্ষ্যে ছাত্রশিবির এই ব্যতিক্রমী আয়োজন হাতে নেয়।

চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে পৃথক র‌্যালি বের করে। জুমাবার সকাল ১০টায় চকবাজার থেকে মহানগর উত্তর এবং আগ্রাবাদ থেকে মহানগর দক্ষিণের র‌্যালি বিপুল উপস্থিতি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় জামালখান মোড়ে র‌্যালি-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও চট্টগ্রাম-৯ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক।

অন্য দিকে মহানগর দক্ষিণ শাখার র‌্যালি দেওয়ানহাট মোড়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শামসুজ্জামান হেলালি। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক মহানগর সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল প্রমুখ।

ববি প্রতিনিধি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি নিয়ামুল হাসান নাঈম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ববি শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

সিলেট ব্যুরো জানায়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিবিরের কাছে জাতির যে প্রত্যাশা, জুলাইযুদ্ধে তা তারা পূরণ করেছে। নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রশিবির যে জাতির ভবিষ্যৎ সেটা দেশের পাঁচটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রমাণ করেছে। আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জাতির প্রত্যাশা পূরণে ছাত্রশিবিরকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি শুক্রবার সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বন্দরবাজার পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টার শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় র‌্যালি-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে এই ৪৯টি বছর পার করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আমাদের ২৩৪ জন ভাইকে আমাদের মধ্যে থেকে হারাতে হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে র‌্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা পুলিশ লাইন মোড়ে এসে শেষ হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। গতকাল সকালে শহরের কুষ্টিয়া সরকারি কলেজ থেকে র‌্যালিটি শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক এনামুল হক।