ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক মুসলিম স্কলার্সের ফতোয়া জারি

নয়া দিগন্ত ডেস্ক
Printed Edition

দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য ‘বিরল’ ফতোয়া জারি করেছেন খ্যাতিমান বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭ মাস ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে এমন ফতোয়া জারি করা হয়েছে। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে জারি করা ফতোয়ায় বলেন, ‘গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করুন।’ মিডেল ইস্ট আই।

পূর্বে এ সংস্থাটির প্রধান ছিলেন প্রখ্যাত ও প্রভাবশালী ইসলামিক ব্যক্তিত্ব ইউসুফ আল-কারদাভী। ১৫ ধারার এ ফতোয়ায় আলী আল-কারদাঘি আরো বলেছেন, ‘গাজা ধ্বংস হওয়ার সময়ও আরব ও ইসলামিক বিশ্বের সরকারের ব্যর্থতা, ইসলামিক আইন অনুযায়ী, আমাদের গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় অন্যায়।’ আলী আল-কারদাঘি মধ্যপ্রাচ্যে সবচেয়ে সম্মানিত স্কলারদের একজন। বিশ্বব্যাপী থাকা ১৭০ কোটি সুন্নি মুসলিমের মধ্যে তার এ ফতোয়া বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। তিনি ফতোয়ায় আরো বলেছেন, ‘গাজার মুসলমানদের নির্মূলে শত্রুরা (ইসরাইল) যা কারছে সেটিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না।’ ‘ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। সুয়েজ খাল, বাব আল-মান্দাব, হরমুজ প্রণালী, অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশপথ দিয়ে তাদের অস্ত্র পরিবহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।’ যোগ করেন তিনি। এ ছাড়া ইসরাইলের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্রপথে অবরোধ আরোপের নির্দেশনা দিয়েছেন তিনি। তার এ ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরো ১৪ জন ইসলামিক ব্যক্তিত্ব।

তারা বলেছেন, যেসব মুসলিম দেশের সাথে ইসরাইলের ‘শান্তি চুক্তি’ আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়ে যেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন। ফতোয়া হলো একটি ইসলামিক (নন-বাইন্ডিং) নির্দেশনা। যেটি বড় আলেম বা ইসলামিক ব্যক্তিত্বরা জারি করে থাকেন। সাধারণত কুরআন অথবা সুন্নাহর ভিত্তিতে এমন নির্দেশনা দেয়া হয়।