কুষ্টিয়ায় কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ
Printed Edition
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার আস্তানা দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের দেয়া পবিত্র কুরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা সঙ্ঘবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে তার দরবার বা আস্তানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা শামীম রেজাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়। পরে ভক্তরা আশঙ্কজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আাস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। তাদের হামলায় শামীম নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।