সালথায় দুই মোড়লের দ্বন্দ্বের বলি সাধারণ মানুষ

Printed Edition

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রাম্য মোড়লের দ্বন্দ্বের জেরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করা হচ্ছে শত শত বসতবাড়ি। এতে অসংখ্য মানুষ আহত হচ্ছেন। এর মধ্যে অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। সর্বশেষ গত সোমবার সকালে উপজেলার মিরের গট্টি গ্রামে হামলায় অন্তত ২০-২৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তারে আড়ুয়াকন্দী গ্রামের ইউপি সদস্য নুরু মাতুব্বরের সাথে বালিয়া গট্টি গ্রামের জাহিদ মাতুব্বরের বিরোধ চলে আসছে। তারা উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তারা বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিয়ন্ত্রণে মরিয়া। ৫ আসস্টের পর দুই মোড়লের সমর্থকদের মধ্যে অন্তত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ আহত, পঙ্গুত্ব এমনকি কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়া হয়। এলাকাবাসী জানায়, গত রোববার দুপুরে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের নেতাকর্মীরা। এতে অন্তত ২০-২৫টি বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই।

নুরু মাতুব্বর বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ ও আজাদ মাতুব্বরের সমর্থকরা আমাদের ১০-১২ জনকে পিটিকে কুপিয়ে পঙ্গু করে ফেলেছে। থানায় অভিযোগ দিলে অভিযোগ নেয় না। জাহিদ মাতুব্বর বলেন, আমার কোনো সমর্থক নেই।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, দুই মাতুব্বরের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হামলা-মামলা, বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটছে।