প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিংয়ে ৮.০২ মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ

Printed Edition

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস স্প্রিং প্রদর্শনীতে বাংলাদেশ আশাব্যঞ্জক ব্যবসায়িক সম্ভাবনা অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশের পোশাক ও বস্ত্রপণ্যের প্রতি উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ করা গেছে।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কমার্শিয়াল মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ১৮টি বাংলাদেশী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্ভাব্য ও নিশ্চিত কাজের অর্ডারের মোট মূল্য দাঁড়িয়েছে ৮.০২ মিলিয়ন মার্কিন ডলার। এটি বাংলাদেশের তৈরী পোশাক (আরএমজি) ও বস্ত্র খাতে বৈশ্বিক আস্থার ক্রমবর্ধমান প্রতিফলন। কাজের অর্ডার পাওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের ইতিবাচক সাড়া, ফলপ্রসূ ব্যবসায়িক বৈঠক এবং ভবিষ্যৎ সহযোগিতার আশাব্যঞ্জক সম্ভাবনার কথাও জানিয়েছে।

ইপিবি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রদর্শকদের পাশাপাশি আরো ১১টি বাংলাদেশী প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণকারী হিসেবে এক্সপোতে অংশ নেয়। তারাও আন্তর্জাতিক ক্রেতাদের সাথে প্রত্যাশিত যোগাযোগ, কার্যকর ব্যবসায়িক আলোচনা এবং পরবর্তী সহযোগিতার সম্ভাবনার কথা জানিয়েছে, যা ইউরোপীয় অ্যাপারেল সোর্সিং বাজারে বাংলাদেশের উপস্থিতি আরো জোরদার করেছে।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা গত ২ ফেব্রুয়ারি টেক্সওয়ার্ল্ডে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরী পোশাক রফতানিকারক দেশ হওয়ায় চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের তুলনায় টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরো বেশি হওয়া উচিত।

তিনি টেক্সওয়ার্ল্ডসহ ফ্রান্সের অন্যান্য বাণিজ্যমেলা, যেমন- প্রিমিয়ার ভিশন প্যারিসে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন, কারণ বেশি অংশগ্রহণ দৃশ্যমানতা ও সম্পৃক্ততা বাড়াবে। এ ধরনের অংশগ্রহণের মাধ্যমে রফতানিকারকরা ইউরোপের উদীয়মান প্রযুক্তি, পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন এবং কাঁচামাল ও অ্যাকসেসরিজ সোর্সিংয়ের সুযোগ অন্বেষণ করতে পারবেন, যা ইউরোপীয় বাজারে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করবে।

টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস বিশ্বব্যাপী ফ্যাশন বস্ত্র ও পোশাক সোর্সিংয়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত, যেখানে আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড ও সোর্সিং পেশাজীবীরা অংশ নেন।