গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে আগুন

Printed Edition
back-2
রাজধানীর গুলিস্তানে গতকাল একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট-সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আটতলা ভবনটির ছাদের উপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় জিরো পয়েন্ট ও গুলিস্তানের আশপাশের এলাকা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পাশের ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মো: মামুনুর রশিদ বলেন, খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ভবনের আটতলার আংশিক টিনের বেড়া দিয়ে ছোট ছোট গুদাম করে জায়নাজ, টুপি, তসবিহ অর্থাৎ ধর্মীয় উপকরণ মজুদ করা ছিল। সেখানেই মূলত আগুন লাগে। তৎক্ষণাত খরব পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সদরঘাটের দুইটি ইউনিট ও সিদ্দিক বাজারের আটটি ইউনিট মোট ১০টি ইউনিট একসাথে কাজ করে। এক ঘণ্টা ২৫ মিনিট ফায়ার ফাইটাররা চেষ্টা করে ৬টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। ছাদে আগুন হওয়ার কারণে আমাদের ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে।

তিনি আরো বলেন, এই ভবনে কোনো ধরনের ফায়ার হাইড্রেন ব্যবস্থা ছিল না। যদি এগুলো থাকত তাহলে আরো দ্রুত আগুন নির্বাপণ করা যেত। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। তবে তদন্তের মাধ্যমে শিগগিরই জানা যাবে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিটি ভবনের মালিককে অগ্নি নির্বাপণের ধরনের ব্যবস্থা রেখে যেন ভবন নির্মাণ করে সেই আহ্বান করছি।