সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল

বছরে একবার স্কুল ড্রেস পাবে সব শিক্ষার্থী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল। আর বছরে একবার সব শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হবে স্কুল ড্রেস। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়া হবে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক স্কুলে বিনা মূল্যে ইউনিফর্ম দিতে সক্ষম হবো।

গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা সংস্কার কার্যক্রমে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক সুপারিশ নীতিনির্ধারণে সংযুক্ত করার লক্ষ্যে এ নীতি সংলাপের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে মিড ডে মিল চালু করা হয়েছে। আশা করছি আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করতে পারবো।

তিনি বলেন, শিক্ষাখাতের উন্নয়নে থ্রি সি : কারিকুলাম, ক্লাসরুম, কনসিসটেন্সি ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন করতে হবে। আমাদের প্রাইমারি শিক্ষার কারিকুলামে অনেক ঘাটতি রয়েছে। আমি ইতোমধ্যে স্কুলে স্কুলে সরেজমিন পরিদর্শন শুরু করেছি। কয়েকটি স্কুলে গিয়ে বিশেষ করে ফোর-ফাইভের শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর দেখেছি পড়াটা তাদের জন্য বেশ মুশকিল হয়। আসলে আমাদের দেখতে হবে তারা কী পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কি না। সাবলীলভাবে তারা পড়তে পারবে কি না। আমার কাছে মনে হয়েছে তাদের জন্য পড়াগুলো বেশ কঠিন। কারিকুলাম পর্যালোচনা করে আপডেট করতে হবে। সংলাপে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্সহ অনেকে।