শার্শায় বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তারা হলেন মৃত নুরজাক সর্দারের ছেলে আব্দুল কাদের (৩৫) ও আব্দুল বারিক সর্দারের ছেলে জাকির হোসেন (৪০)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের বাড়ির টয়লেট নির্মাণের জন্য কাদের এবং জাকির মাটি খনন করছিলেন। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি বোমা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা মারাত্মকভাবে জখম হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং শ্রমিক কাদের ও জাকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই কেউ নাশকতার উদ্দেশ্যে মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল। বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে আরো বোমা পুঁতে রাখা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।