শীর্ষে থেকেই বছর পার আর্সেনালের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামে গোলের উৎসব করেই বছর পার করল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে গানাররা। গ্যাব্রিয়েল মাগালহাসের শুরুর পর একে একে জালের দেখা পেয়েছেন মার্টিন জুবিমেন্ডি, লিয়ান্দ্রো ট্রোজার্ড ও গ্যাব্রিয়েল জেসুস। এই জয়ে ২০২৫ সালটি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই পার করল মিকেল আর্তেতার দল। লিগে ১৯ রাউন্ড শেষে ৪৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর ১৯ ম্যাচ শেষে গানারদের কাছে হেরেও ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে অ্যাস্টন ভিলা।
লিগে এ দিন বার্নলির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলে ড্র করে চেলসির কাছ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে বোর্নমাউথ। নটিংহ্যাম ফরেস্টকে ২-০তে হারিয়েছে এভারটন। ওয়েস্টহ্যামকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন। ওল্ডট্র্যাফোর্ডে নিজেদের মাঠে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এমিরেটস স্টেডিয়ামে গত পরশু অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলউৎসব করলেও প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি আর্সেনাল। তবে ম্যাচের ৪৮ মিনিটে ডেডলক ভাঙেন মাগালহাস। প্রথম গোল হজম করার পর লিগে আগের আট ম্যাচ জয়ী ভিলা আর প্রতিরোধই গড়তে পারেনি। চার মিনিট পর মার্টিন ওডেগারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্ডি। ৬৯ মিনিটে ট্রোজার্ড জালের দেখা পেলে ৩-০তে এগিয়ে যায় স্বাগতিক দল। চোট কাটিয়ে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নেমে ৫৫ সেকেন্ড পরই ছন্দ খুঁজে পাওয়ার লড়াইয়ে গোলের দেখা পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ভিলার হয়ে একটি গোল শোধ করে নিজের জন্মদিন রাঙান অলি ওয়াটকিন্স। আর পুরো ম্যাচে পজিশন ও আক্রমণে আধিপত্য দেখিয়ে জয়ের আনন্দে ভাসে আর্সেনাল।