শেষ ৩২-এ নিশ্চিত হলো কারা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্ব (সব কিছু ঠিক থাকলে গত রাতে বাকি থাকা ৬টি ম্যাচও)। প্রথমবারের মতো ৩২ দল থেকে উন্নীত হয়ে বর্ধিত পরিসরে ৪৮ দল নিয়ে হচ্ছে এবারের আসর। নতুন করে যোগ হয়েছে রাউন্ড অব ৩২। নকআউটের ৩২ দলের মধ্যে নিশ্চিত হয়েছে ২৮টি দলই। বিশ্বকাপ থেকে গতকাল পর্যন্ত বিদায় নিয়েছে ১২টি দল।
বিশ্বকাপের এবারের আসরে ১২ গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ম অনুযয়ী জায়গা নিশ্চিত করার কথা রাউন্ড অব ৩২-এ। বাকি থাকা ৮টি জায়গা পাবে ১২ গ্রুপের সেরা তিনের শীর্ষ আটটি দল। এর মধ্যে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন মেক্সিকো ও রানার্সআপ হয়েছে দক্ষিণ আাফ্রিকা। ‘বি’ গ্রুপে সুইজারল্যান্ড ও কানাডার পর তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপে ব্রাজিলের পর আফ্রিকার দেশ মরক্কো। বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রর গ্রুপ ‘ডি’ থেকে অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে আছে ল্যাটিন অঞ্চলের দেশ প্যারাগুয়ে। ‘ই’ গ্রুপে জার্মানি, আইভোরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ গ্রুপে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।
বেলজিয়াম ও মিশর আছে ‘জি’ গ্রুপে। ‘এফ’ গ্রুপে স্পেনের পর চমক জাগিয়ে জায়গা নিশ্চিত করেছে আাফ্রিকার দেশ কেপ ভার্দে। ‘জে’ গ্রুপে গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া একমাত্র দল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়া। আর সর্বশেষ ‘এল’ গ্রুপ থেকে নকআউটে উঠেছে ইংল্যান্ড ও ঘানা।
বিশ্বকাপ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে হাইতি, পানামা, কুরাসাও, তিউনিসিয়া, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, কাতার, সৌদি আরব, জর্ডান, নিউজিল্যান্ড, ইরাক ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।