ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে নারীদের গণমিছিল

Printed Edition
back-4
ঢাকা-১৫ আসনে ডা: শফিকুর রহমানের সমর্থনে নারী মিছিল : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সমর্থনে গতকাল ঢাকা-১৫ আসনে নারীরা প্রচার মিছিল করেন। মিরপুর-১০ থেকে শুরু হয়ে মিছিলটি কাজীপাড়া এসে শেষ হয়। মিছিলে ওই আসনের কয়েক হাজার নারী অংশ নেন। এ সময় তারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সেøাগান দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, বাংলাদেশে প্রায় ৪৯ শতাংশ নারী ভোটার। আমাদের আমিরে জামায়াত সবসময় বলেন, আমরা নারীদের ঘরে আটকিয়ে রাখব না। নারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজ করবে। আমরা একটি নারীবান্ধব সমাজ গড়ে তুলবো। তিনি আরো বলেন, ঢাকা-১৫ আসনে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান নিজেই প্রার্থী। এখানের নারীরা ন্যায় ও ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। পুরুষদের পাশাপাশি নারীরাও দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আগামী ১২ তারিখে নির্বাচনে আমরা তাকে বিজয়ের মালা পরাতে চাই। সেই লক্ষ্যেই আজ নারীদের এই গণমিছিলের আয়োজন করা হয়েছে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ইরানী আক্তার বলেন, নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা এবং নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে কেবল ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা-১৫ আসনে আমাদের প্রার্থী ডা: শফিকুর রহমান সাহেব প্রার্থী হয়েছেন। তিনি সমাজ ও দেশের অকল্যাণকর কাজগুলো দূর করে একটি মানবিক, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবেন।

গণমিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সালমা সুলতানা, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগম এবং ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী প্রমুখ।