ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক বিপর্যয় ভোগান্তির আশঙ্কা

Printed Edition

ময়মনসিংহ অফিস

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের চাপ বাড়তে শুরু করায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে লেগে থাকছে দীর্ঘ যানজট। এতে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

সরেজমিন দেখা যায়, গাজীপুরের টঙ্গী, চান্দনা চৌরাস্তা, শ্রীপুর, ভালুকা ও ত্রিশাল এলাকায় যানবাহন দীর্ঘ যানজট। এ ছাড়া ভালুকার মাস্টারবাড়ী, সিডস্টোর, বাসস্ট্যান্ড ও ত্রিশাল এলাকায় সড়ক দখল করে বিভিন্ন দোকানপাট ও বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার যত্রতত্র পার্কিংয়ের কারণে চার লেনের মহাসড়ক অনেক স্থানে কার্যত দুই লেনে পরিণত হয়েছে।

ময়মনসিংহ সদরের চুরখাই, দিঘারকান্দা বাইপাস, মাসকান্দা, পলিটেকনিক মোড়, চরপাড়া ও ব্রিজ মোড় এলাকায় যানজটের চিত্র আরো ভয়াবহ। ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে ঘরমুখো মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।

ময়মনসিংহ নগরীতেও ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ায় নগরীর ব্রিজ মোড় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর সাথে যুক্ত হয়েছে নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের চাপ। ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) গোলাম মওলা তালুকদার জানান, পাঁচ হাজার গাড়ির ধারণক্ষমতার রাস্তায় যানবাহন চলাচল করে ৫০ হাজারের বেশি। অন্যদিকে রেললাইনের কারণে দিনে প্রায় আট ঘণ্টা ১০টি সংযোগ সড়ক বন্ধ রাখতে হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নগরীতে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। ঈদের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।