ইরানের বিক্ষোভে মোসাদের প্রকাশ্য সহায়তার ঘোষণা
Printed Edition
জেরুসালেম পোস্ট ও আই২৪নিউজ
মুদ্রার মানের অস্বাভাবিক পতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। দ্রুতই এ আন্দোলন দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা দেশজুড়ে সবাইকে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান এবং দোকানিদের দোকান বন্ধ করে তাদের সাথে একাত্ম হতে বলেন। মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দোকান বন্ধ রাখেন। রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেয়া হয়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান। বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে।
সহায়তার ঘোষণা ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের
ইরানের বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধু দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।