৬২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
Home

অন্তর্বর্তী সরকার স্বৈরাচার সরকারের আমলের ছয় হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠপর্যায়ের কমিটির বিবেচনার জন্য উপস্থাপিত ছয় হাজার ২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে ছয় হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

ফয়সল হাসান জানান, মাঠপর্যায়ের কমিটির পাওয়া প্রস্তাবগুলো বিবেচনার লক্ষ্যে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আটটি সভায় মিলিত হয়েছে। এসব সভায় কেন্দ্রীয় কমিটির কাছ থেকে ছয় হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয়।

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের নিমিত্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে মন্ত্রণালয় পর্যায়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে কেন্দ্রীয় কমিটি ও মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের সভাপতি করে দু’টি কমিটি গঠন করা হয়। একটি হচ্ছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য রেখে সাত সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। আরেকটি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটরদের সদস্য রেখে চার সদস্যবিশিষ্ট জেলাপর্যায়ে কমিটি গঠন করা হয়।

মাঠপর্যায়ের কমিটির যাচাই-বাছাইয়ের পর বিভিন্ন জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা এবং আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় মামলা প্রত্যাহারের প্রস্তাব কেন্দ্রীয় কমিটিকে বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।

নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের অনর্থক হয়রানি থেকে পরিত্রাণ দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ফয়সল হাসান।