ফ্রান্সের কোচ হতে রাজি জিদান

Printed Edition
khela-2
ফ্রান্সের কোচ হতে রাজি জিদান

ক্রীড়া ডেস্ক

২০১২ সালে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন দিদিয়ের দেশম। আসন্ন বিশ্বকাপ শেষে ফরাসিদের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে এই কোচের। অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, বিশ্বকাপ শেষে দেশমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জিনেদিন জিদান। অবশেষে সেই গুঞ্জন বাস্তব রূপ পেতে চলেছে। কোচ হিসেবে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা। ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপ শেষেই কোচের দায়িত্ব নেবেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন ৫৩ বছর বয়সী জিদান।

ফ্রান্সের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে দ্য টাইমস জানিয়েছে, জিদানের সাথে আপাতত আলোচনা অনেকটাই এগিয়েছে। চূড়ান্ত কথা-বার্তা চলছে তার কোচিং স্টাফ গঠন নিয়ে।

ফরাসি সংবাদপত্র লু ফিগাহোর সাথে সাক্ষৎকারে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে জিজ্ঞেস করা হয় দেশমের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি, কে দায়িত্ব পেতে চলেছেন।’ তবে নামটি তিনি খোলাসা করেননি। কিন্তু ইএসপিএন সেটিই প্রকাশ্য করেছে। তাদের খবর অনুযায়ী, সেই ব্যক্তি ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী দিদিয়ের দেশমের সতীর্থ জিদান।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর পাঁচ বছর ধরে কোচিংয়ের বিরতিতে আছেন জিদান। এর মধ্যে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার গুঞ্জনও ছিল। এবারের বিশ্বকাপেই যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেলেও তার ফিরিয়ে দেন তিনি।

১৯৯৮ সালে নিজেদের মাটিতে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন জিদান। এর পর ২০০০ সালে ইউরোর শিরোপা ও ২০০৬ সালে বিশ্বকাপের ফাইনালে দলকে উঠাতে বড় অবদান ছিল তার। কোচিং ক্যারিয়ার অনেকটা সংক্ষিপ্ত ছিল সর্বকালের সেরা ফুটবলারদের একজন জিদানের। রিয়াল মাদ্রিদময় ক্যারিয়ারে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন তিনি। এরপর দ্বিতীয় মেয়াদে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কোচের দায়িত্ব ছিলেন জিদান। সেখানেও পেয়েছেন দারুণ সাফল্য। দুই দফায় এই ক্লাবের দায়িত্ব পালনকালে মোটে চার বছর তিনি ইতিহাস গড়েছেন একমাত্র কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে। এ ছাড়া দু’বার করে জিতেছেন লা লিগা, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।