বৈঠকে বসছেন শীর্ষ নেতারা

আট দলের আসন সমঝোতার সিদ্ধান্ত হতে পারে আজ

Printed Edition

খালিদ সাইফুল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। বেলা ১১টায় শীর্ষ নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসতে পারে দলগুলোর নেতাদের সূত্রে জানা গেছে। এ দিকে জামায়াত জোটের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এ ছাড়া এলডিপি, এ বি পার্টি ও লেবার পার্টির এ জোটে যোগদানের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে বৈঠক থেকে।

জানা যায়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় হলেও এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি জামায়াত জোট। গতকাল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়। এর আলোকে আজ রোববার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এ বৈঠক থেকে এনসিপিসহ অন্যান্য দল যুক্ত হওয়া এবং আসন সমঝোতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যে গতকাল এনসিপির পক্ষ থেকে জামায়াতের জোটের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গতকাল এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে জানিয়েছেন, ফাইনালি জামায়াতের সাথে এনসিপি জোটে যাচ্ছে। আজ রোববার এর ঘোষণা দেয়া হবে। তবে এ নিয়ে এনসিপির মধ্যে নানা ধোঁয়াশা ও মতবিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে এনসিপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর সাথে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। তারা এ বিষয়ে গতকাল শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, গতকাল রাতে শীর্ষ নেতাদের বৈঠক হয়ার কথা ছিল। তবে তা পরিবর্তন করে আজ রোববার বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছে। এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি জানান।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল বলেন, জোটের পরিধি বাড়ছে। এনসিপিসহ অন্যান্য দলের সাথে আসন সমঝোতা নিয়ে আজকের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হবে। আসন সমঝোতা নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে এ বৈঠক থেকে। তিনি বলেন, আসন সমঝোতায় দেরি হওয়ায় যার যার দল থেকে নিজেদের প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম দেয়া হচ্ছে। তবে আসন সমঝোতা হয়ে গেলে তখন প্রত্যাহার করে নেয়া হবে। জোট ভাঙছে না, বরং আরো বাড়ছে।