ট্রাম্পের কর বিল অনুমোদনে শঙ্কিত নিম্ন আয়ের মার্কিনিরা
Printed Edition
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কমানো সংক্রান্ত বিল অনুমোদন করেছে কংগ্রেশনাল কমিটি। প্রস্তাবিত বিল নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের দীর্ঘ দিনের মতবিরোধের পর রোববারের পার্লামেন্টারি বৈঠকে এটি অনুমোদিত হয়। এই প্রস্তাব পাস হলে ঝুঁকিতে থাকবেন নিম্ন আয়ের মার্কিনিরা। রোববার রাতে আয়োজিত বৈঠকে কট্টরপন্থী চার রিপাবলিকান নেতা বিলের পক্ষে মত দিয়েছেন।
অথচ শুক্রবার তারাই বাজেট কমিটির বৈঠকে প্রস্তাবটি আটকে দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রস্তাবিত বিল অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় আরো কমানোর জন্য জোর দিয়েছেন তারা। ওই চার আইনপ্রণেতার একজন সাংবাদিকদের বলেছেন, আমরা অনেকটা অগ্রগতি দেখছি, তবে সেটি মোটেও যথেষ্ট নয়।
আগের মেয়াদে ক্ষমতায় এসেও কর নিয়ে প্রায় তোলপাড় তোলা এক বিল উত্থাপন করেছিলেন ট্রাম্প। ২০১৭ সালের ওই বিলের সম্প্রসারিত রূপ হচ্ছে এবারের প্রস্তাবনা। ট্রাম্পের বাজেট পরিকল্পনায় কর হ্রাসের পাশাপাশি প্রতিরক্ষা খাত, সীমান্ত প্রহরা এবং অভিবাসন বিতাড়নে তহবিল বৃদ্ধি উল্লেখযোগ্য ক্ষেত্র। নতুন প্রস্তাবনায় কট্টরপন্থীরা আরো চাইছেন, ডেমোক্র্যাটদের চালু করা মেডিকেইড হেলথকেয়ারে তহবিল সঙ্কোচন এবং গ্রিন ট্যাক্স ক্রেডিট পুরোপুরি রহিতকরণে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিম্ন আয়ের মার্কিনিদের জন্য স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি হচ্ছে মেডিকেইড। আর গ্রিন ট্যাক্সের আওতায় পরিবেশবান্ধব ব্যবসার ক্ষেত্রে কর মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে। কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা রালফ নরম্যান বলেন, রিপাবলিকান নেতারা মেডিকেইড সংস্কারের আলোচনা করছেন। এ ছাড়া শারীরিকভাবে সক্ষম নাগরিকদের জন্য রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা তহবিলে আরও বড় আকারের সংকোচন চান তিনি।
পার্লামেন্টে রিপাবলিকানরা ২১৩ ভোটের বিপরীতে ২২০ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তবে কর কর্তনের খরচ মেটাতে ব্যয় কতটা কমানো যায় সেটি নিয়ে তারা বিভক্ত। এ দিকে মেডিকেইড ও দরিদ্র মার্কিনিদের জন্য পুষ্টি সহায়তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁটে আপত্তি জানিয়েছেন মধ্যপন্থী রিপাবলিকানরা।