এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫’ গত শনিবার রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আহমেদ জোবায়ের মাহবুব, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) সিরাজুল আমিন আহমেদ। সম্মেলনে ব্যাংকের বিভাগীয় প্রধান, অঞ্চল ও শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয় ও শাখা-উপশাখার কর্মকর্তারা সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্ম জুমে অংশ নেন।
দিনব্যাপী সম্মেলনে আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই অগ্রগতি, সুশাসন ও জবাবদিহিতা, ঝুঁকি প্রশমন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিস্ক ফ্রেমওয়ার্ক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক ও কমপ্লায়েন্স রিস্ক ব্যবস্থাপনা, ঝুঁকির পূর্বাভাস, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও সাইবার সিকিউরিটি বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো: সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকের আস্থা বজায় রাখতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঝুঁকি প্রশমন কৌশল বাস্তবায়নের মাধ্যমে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তিনি রিস্ক বেইজড সুপারভিশনের (আরবিএস) গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি মো: নুরুল হক বলেন, সুসংহত রিস্ক গভর্ন্যান্স কাঠামো ছাড়া টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। ব্যবস্থাপনা পরিচালক ড. মো: তৌহিদুল আলম খান বলেন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে এনআরবিসি ব্যাংক একটি ঝুঁকিসচেতন, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি।