ভারতের অধিকারভুক্ত নদীর পানি পাকিস্তান পাবে না : মোদি

ভারতের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন

রয়টার্স
Printed Edition
Int-2
ভারতের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন

ভারতের অধিকারভুক্ত নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজস্থানের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের সাথে করা সিন্ধু পানিচুক্তি থেকে সরে আসে ভারত। এই চুক্তির অধীনে পাকিস্তানে পানি দেয়া হতো। তবে ভারতের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু পানিচুক্তি পাকিস্তানের কৃষিব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির কৃষিজমির ৮০ শতাংশই ভারতের দিক থেকে আসা তিনটি নদীর পানির ওপর নির্ভরশীল। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, চুক্তি স্থগিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণকাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি ভারত সাময়িকভাবে স্থগিত করার পরই চীন এই পদক্ষেপ নেয়, যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন বাঁধের কনক্রিট ভরাটের কাজ শুরু করেছে, যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়।

মোহমান্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে এটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। এ ছাড়া দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্প, যা পাকিস্তানে থ্রি গর্জেস প্রকল্প নামে পরিচিত, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।